বর্তমান সময়ে যে কোনো বিষয়ে সারা বিশ্বের সর্বশেষ তথ্য জানতে ইন্টারনেটের কোনো বিকল্প নাই। শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে অতি অল্প সময়ে সহজেই আমরা এইসব তথ্য পেয়ে থাকি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্রাউজিং সুবিধা দেওয়ার জন্য ২০০৩ সালে ইউএনডিপি‘র আর্থিক সহযোগিতায় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় সার্ভার স্থাপনসহ একটি সাইবার সেন্টার চালু করা হয়। ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২৫টি কম্পিউটার নিয়ে সাইবার সেন্টারটি পরিচালিত হচ্ছে। পরিচালিত হচ্ছে না তো যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ২৫টি কম্পিউটার কখনো একসঙ্গে চলছে না। অধিকাংশ সময় দেখা যায় বেশিরভাগ কম্পিউটার বন্ধ। একটার মাউস নষ্ট তো অন্যটার মনিটর। আর ইন্টারনেটের স্পিড, সে তো কচ্ছপ গতি। একটা ওয়েব সাইটে ঢুকতে লাগে অনেক সময়। সঠিকভাবে তত্ত্বাবধান না করার দরুন যে কম্পিউটারগুলো সচল আছে সেগুলোও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া হাতেগোনা কয়টা কম্পিউটার দিয়ে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর চাহিদা পূরণ করা সমভব হচ্ছে না। তাই শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য লাইব্রেরির সাইবার সেন্টারটির উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোফাজ্জল হোসেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
