চলতি সুপার কাপকে বলা যায় মোহামেডান স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়নের নিজেদের ফিরে পাওয়ার টূর্নামেন্ট। গতকাল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো মোহামেডান। আর বিজেএমসিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ব্রাদার্স।
পেশাদার লিগে পঞ্চম স্থানের থাকা মোহামেডান বিদেশী খেলোয়াড় হারিয়ে আরও দুর্বল হয়ে পড়েছিল। একটা সময় তারা সুপার কাপ খেলবে না বলেই ঠিক করেছিল। সেই দলই কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগ রানার্সআপ শেখ জামালকে হারিয়ে নিশ্চিত করে ফেললো সেমিফাইনাল। আট মিনিটে স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের একমাত্র গোলটি মোহামেডানকে সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে তুলে দিয়েছে। এরপর ৮২ মিনিট চেষ্টা করেও শেখ জামাল গোল ফেরাতে পারেনি। টুর্নামেন্ট থেকে বিদায় না হলেও শেখ জামালে ভাগ্য অনিশ্চিত। কারণ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের সাথে ১-১ গোলে ড্র করে আগেই পিছিয়ে গিয়েছিল দলটি। ওয়াসিম ইকবালের বদলে দলের একাডেমির কোচ ওমর সিসেও ভাগ্য বদলাতে পারেননি শেখ জামালের। মাঠে নেমে মোহামেডানের আক্রমণের তোপের মুখে পড়ে শুরুতেই গোল হজম করে শেখ জামাল। গোল শোধ করতে সুযোগ বের করেছিল শেখ জামাল। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। সবুজের শট মোহামেডান গোলকিপার মামুন খানের গায়ে লেগে ফিরে আসে। মোহামেডান শেষ ম্যাচ খেলবে ব্রাদার্সের বিরুদ্ধে। এই ম্যাচ ড্র হলে শেখ জামালের বিদায় নিশ্চিত।
সেমিফাইনালের পথে ব্রাদার্স
তরুণ কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে হয়তো সুপার কাপে খুব বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু সেই দলটিই চমকের পর চমক দিয়ে এখন সেমিফাইনালের পথে। প্রথম ম্যাচে শেখ জামালকে আটকে (১-১) দেওয়ার পর গতকাল ২-১ গোলে বিজেএমসিকে হারালো ব্রাদার্স; জয় এনে দেওয়া দুটি গোলই করেছেন তরুণ স্ট্রাইকার জুয়েল রানা। এই পরাজয়ের ফলে বিজেএমসি বিদায়ের পথে প্রায়। ম্যাচের ১৪ মিনিটে জুয়েল রানা প্রথম দলকে এগিয়ে দেন। ৪১ মিনিটেই অবশ্য বিজেএমসির জাতীয় দলের ফুটবলার তকলিস দলকে সমতায় ফেরান। খেলার একেবারে শেষ দিক পর্যন্ত এই সমতা ধরে রেখেছিল বিজেএমসি। কিন্তু খেলা শেষ হওয়ার ৮ মিনিট আবার পেরেক ঠুকে দেন জুয়েল রানা।
