টেনিসে পুরুষ এককে সবচেয়ে সফল তারকা তিনি। বর্তমান তারকাদের মধ্যেও সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম ও ডব্লিউটিএ খেতাবও তার। অথচ সেই রজার ফেদেরার দীর্ঘ দশ মাস শিরোপা শূন্য। জার্মানির হলে গ্রে ওয়েবার ওপেনে গিয়ে সেই খরা কাটালেন বিশ্বের তিন নম্বর তারকা।
হলে ওপেনে ৩১ বছর বয়সী ফেদেরার রাশিয়ার মিখাইল ইউজনিকে ৬-৭(৫-৭), ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে গত বছরের আগস্টের পর প্রথম খেতাব জিতলেন। বছরের প্রথম দুই গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে সুবিধা করতে পারেননি ফেড এক্সপ্রেস। তবে নিজের প্রিয় ঘাসের কোর্ট উইম্বলডনে ফেরার আগে নিজের সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ফেদেরার। উল্লেখ্য, এই মাসেই বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন মাঠে গড়াবে।
জয়ের পর ফেদেরার বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে অনেক খেতাব জিতেছি। কিন্তু সামপ্রতিককালে কোনো কিছুই জিতিনি। তাই এই জয়ের পর বেশ স্বস্তি বোধ করছি।’
ফেদেরার আরো বলেন, ‘গত ১০ মাসে আমার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট আমি। অনেকে হয়তো ভাবছে, এই সময়ে ভালো খেলতে পারিনি আমি। তাই শিরোপা জিতিনি। কিন্তু বিষয়টি আমায় খুব বেশি ভাবায়নি।’
