কবি নজরুল বিশ্ববিদ্যালয়

কাম্পাসে ভিসি ও কবি খোন্দকার আশরাফের জানাযা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, কবি ও অধ্যাপক ড. খোন্দকার আশরাফ হোসেনের জানাযা গতকাল সোমবার সকাল ১১টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক ভবনের পাশে অনুষ্ঠিত তার জানাযায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার, ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ হুমায়ুন কবীর, প্রক্টর ড. মাহবুব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার লাশে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জামালপুর জেলার সরিষাবাড়ীতে গতকাল সোমবার তার লাশ দাফন করা হয়েছে বলে জানা যায়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট রেজা আলী, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, ত্রিশাল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক সবুজসহ ত্রিশাল প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেন।