নৌ স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৫
জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন-২০১৩ সফল করার লক্ষ্যে জেলা নৌ স্কাউট ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কাপ্তাই, মংলা ও কক্সবাজার এলাকায় ব্যাপকহারে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। সহকারি নৌবাহিনী প্রধান (অপারেশান্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনডিসি, পিএসসি গতকাল সোমবার ঢাকার মিরপুরস্থ বিএন কলেজ প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। সহকারী নৌ প্রধান দেশের বিভিন্ন অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক নৌ স্কাউট এবং কলেজের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।