মিস ইউএসএ হলেন এরিন ব্র্যাডি

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৫৪
সব রাজ্যের সুন্দরীদের পেছনে ফেলে এবার মিস ইউএসএ নির্বাচিত হয়েছেন এরিন ব্র্যাডি। গত রবিবার রাতে লাসভেগাসের একটি হোটেলে আয়োজিত এবারের এ প্রতিযোগিতায় পঁচিশ বছরের মিস কানেকটিকাট এ মুকুট পরার সৌভাগ্য অর্জন করেন। এনবিসি টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। খবর ফক্স নিউজের। এরিন ব্র্যাডি মিস ইউএসএ নির্বাচিত হওয়ায় এক বছর নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন। আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্র জুড়ে সফর করে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে সচেতনা সৃষ্টিতে কাজ করবেন। এবারের প্রতিযোগিতায় মিস মিসিসিপি পারমিতা মিত্র অংশ নেন। পারমিতা মিত্র প্রথম বাংলাদেশি অভিবাসী যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিলেন। ১৯৯২ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে যায়। তখন তার বয়স ছিল এক বছর। এরপর তারা বাংলাদেশে ফিরে আসেন। তারা যখন মিসিসিপির হেটিসবার্গে স্থায়ীভাবে চলে যান তখন তার বয়স পাঁচ বছর। এখন তিনি মিসিসিপি ইউনিভার্সিটিতে মহাকাশ প্রকৌশল নিয়ে পড়াশুনা করছেন। মিস ইউএসএ আগামী শীতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন। গত বছরের মিস ইউএসএ অলিভিয়া কালপো ১৬ বছর পর মিস ইউনিভার্সের মুকুট পরেন।