দক্ষিণ আফ্রিকার জাতির জনক বলে খ্যাত নেলসন ম্যান্ডেলা ক্রমে সুস্থ হয়ে উঠলেও এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এদিকে ম্যান্ডেলার সুস্থতা কামনার জন্য বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়েছেন তার পত্নী গ্রাসা ম্যাচেল। খবর বিবিসি’র।
এ বছর তৃতীয়বারের মতো গত ৮ জুন হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা। তিনি এখনো ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন। তার অসুস্থতার পর থেকেই তার পাশে আছেন তৃতীয় স্ত্রী ম্যাচেল। তিনি বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিবারের পক্ষ থেকে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী মাসে ৯৫ বছরে পা রাখবেন ম্যান্ডেলা। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এর আগে শ্বেতাঙ্গ শাসনামলে দীর্ঘ ২৭ বছর তিনি কারাভোগ করেন। শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলাকে শেষবারের মত ২০১০ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরুর আগে মাঠে দেখা যায়। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
