শেষ দিনে ২ মেয়রসহ ৩৮ জনের প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৫৮
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীসহ ২ মেয়র প্রার্থী, ৩৫ জন সাধারণ কাউন্সিলর ও ১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে নির্বাচনে মেয়র পদে বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২৬ জন প্রার্থী বৈধ বলে ঘোষিত হয়েছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মহাজোটের শরিক দল জাতীয় পার্টি (এ) সমর্থিত প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান ও সম্মিলিত ইসলামী ফোরামের প্রার্থী মাওলানা ফজলুর রহমান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।। নির্বাচনে মেয়র পদে বৈধ প্রার্থীগণ হলেন, ১৪ দল সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আজমত উল্লাহ খান, বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম. এ মান্নান, আওয়ামী লীগের বিদ্রোহী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহবায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল, আমান উল্লাহ ও রিনা সুলতানা। তবে মেয়র পদে প্রথমোক্ত তিন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে । জনসংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম ও নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।