ষোল তলা থেকে পড়েও জীবিত!

আপডেট : ১৭ জুন ২০১৩, ২৩:০৪
নিউজিল্যান্ডে একটি অ্যাপার্টমেন্টের ১৬ তলা থেকে পড়েও বেঁচে গেছেন এক ব্রিটিশ নাগরিক। গত রবিবার দেশটির অকল্যান্ডে এ অলৌকিক ঘটনা ঘটে। বেঁচে যাওয়া ওই নাগরিক আহত হলেও এখন সুস্থ আছেন। খবর বিবিসির। রবিবার দুপুর ২টায় টম স্টিলওয়েল নামের ওই ব্যক্তি তার অ্যাপার্টমেন্ট থেকে প্রতিবেশীর বেলকুনিতে লাফ দেয়ার চেষ্টা করার সময় নিচে পড়ে যান। তবে তিনি সরাসরি মাটিতে না পড়ে নিচে অপর একটি ভবনের ছাদে পড়েন। টম স্টিলওয়েলের বন্ধু জানান, টমের একটি হাড় ভেঙ্গে গেছে। তবে সে খুবই ভালো আছে এবং সে সৌভাগ্যবান। ঘটনার দিন ঘুম থেকে উঠে নিজ কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান স্টিলওয়েল। কেউ দুষ্টুমি করে এ কাজ করে। প্রতিবেশী জেরালডাইন বতিস্তা জানান, টম আমার বেলকুনিতে লাফ দেয়ার অনুমতি চায়। আমিও অনুমতি দিই। কারণ, আমি তাকে ভদ্র হিসেবেই জানি। কিন্তু সে যে সত্যিই লাফ দিবে তা আমি ভাবতে পারিনি। লাফ দিলেও সে বেলকুনির রড ধরতে ব্যর্থ হয় এবং নিচে পড়ে যায়। এর আগে ২০১০ সালে নিউইয়র্কে চার বছরের এক বালক ১৮ তলা থেকে পড়ে বেঁচে গিয়েছিল।