স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছাড়লেন নাইজেলা

আপডেট : ১৭ জুন ২০১৩, ২৩:০৬
স্বামীর নির্যাতনের শিকার হয়ে সন্তান-সন্ততি নিয়ে বাড়ি ছেড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ নাইজেলা লসন। তবে তার স্বামী তাকে গলা টিপে ধরার দৃশ্যকে কৌতুকপূর্ণ বলে দাবি করেছেন। খবর বিবিসি ও দ্য টেলিগ্রাফের। লন্ডনের মেফেয়ার রেস্টুরেন্টে গত ৯ জুন নাইজেলার গলা টিপে ধরেন স্বামী ধনকুবের এবং শিল্প সংগ্রাহক চার্লস চাসি। ওইদিন চাসির ৭০তম জন্মদিন ছিল। রেস্টুরেন্টের বাইরে একটি টেবিলে দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চার্লস নাইজেলার গলা টিপে ধরেন। এই দৃশ্য দ্য সানডে পিপল নামের একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পর টুইটারসহ সামাজিক গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নাইজেলার মুখপাত্র জানান, রবিবার নাইজেলা তার পশ্চিম লন্ডনের স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে চলে গেছেন। লন্ডনের পুলিশ জানিয়েছে, তারা ছবি দেখেছেন। কিন্তু এখনো কিছু করছেন না। কারণ কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। একজন প্রত্যক্ষদর্শী জানান, নাইজেলার নাকেও আঘাত করা হয় এবং এটা ছিল ভয়ঙ্কর দৃশ্য। ঘটনার পর নাইজেলা কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট ত্যাগ করেন।