তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মনবাড়িয়া শহরের ব্যস্ততম বানিজ্যিক এলাকার পাঁচটি স্থানে অর্ধশতাধিক বোমার বিষ্ফোরন ঘটানো হয়েছে। বিস্ফোরণে একুশে টিভির (ইটিভি) স্থানীয় প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীনসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ অবিষ্ফোরিত ৬ টি হাতবোমা উদ্ধার করেছে।
প্রত্যক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানায়, কে. দাস মোড়ের এক স্বর্ণশিল্পীর সাথে এক ব্যবসায়ীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় সড়ক বাজার এলাকা দিয়ে একদল সন্ত্রাসী হাতবোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। অন্য একটি দল কে. দাস মোড়ের দিক দিয়ে বোমা ফাটাতে ফাটাতে দোকানে হামলা চালায়। সন্ত্রাসীরা কালাইশ্রীপাড়া মহল্লা, জনতা মার্কেট, কাপড়মহলসহ বিভিন্ন স্থানে দফায় দফায় বোমা হামলা চালায়। এসময় বেশ কয়েকটি দোকাট ভাংচুর হয়। হামলার সময় লাকীবাজার, সড়কবাজার, আনন্দবাজার কাপড় মহল, জনতা মার্কেট, চালবাজার, কালাইশ্রীপাড়া রোডের সকল দোকান বন্ধ হয়ে যায়। লোকজন ভয়ে দিকবিদিক পালাতে থাকে। সারা শহরে উত্কণ্ঠা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌছান।
