সিলেট বিভাগের এক হাজার ৩৬৩টি এমপিওভুক্ত রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের প্রক্রিয়া শুরু হলো। সিলেট বিভাগে প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণের প্রজ্ঞাপন গতকাল সোমবার জারি করা হয়। এ বিদ্যালয়গুলো ১ জানুয়ারি ২০১৩ থেকে সরকারিকরণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। বিদ্যালয়গুলোর তালিকা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের এ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে:www.mopme.gov.bd.
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারিকরণের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়সমূহের জমি, গৃহ ও নগদ তহবিলসহ যাবতীয় সম্পদ সরকারের কাছে হস্তান্তরিত ও ন্যস্ত হয়েছে বলে গণ্য হবে। বিদ্যালয় বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত হবে এবং বিধি মোতাবেক গঠন করা হবে নতুন পরিচালনা কমিটি। বিদ্যালয়সমূহের জন্য সৃষ্টি করা হবে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকার পদ। পদ সৃষ্টির পর প্রযোজ্য আনুষ্ঠানিকতা শেষে নিয়ম অনুযায়ী সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জানুয়ারি দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী—তিনটি ধাপে দেশের সকল বেসরকারি, রেজিস্ট্রার্ড ও নন-রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। প্রথম পর্যায়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সকল এমপিওভুক্ত বিদ্যালয় জাতীয়করণের আওতায় পড়বে এবং সকল নন-এমপিও রেজিস্ট্রার্ড ও নন-রেজিস্টার্ড বিদ্যালয় আগামী ১ জুলাই থেকে করা হবে জাতীয়করণ। এছাড়া প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর ২০১৪ সালে ১ জানুয়ারির মধ্যে অন্যান্য বিদ্যালয়ও জাতীয়করণ করা হবে।
