গল্প নয় সত্যি

টাকা টুকরো করবে অ্যালার্ম ঘড়ি!

আপডেট : ১৮ জুন ২০১৩, ২০:২১
সকালে ওঠাটা আপনার জন্য ভীষণ জরুরি। এই কথা জানান দিতে সাত সকালে হয়তো ঠিক সময় মেনেই বেজে উঠল অ্যালার্ম ঘড়িটা। কিন্তু আপনি সেই অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠলেন না। বরং আর পাঁচ মিনিট পরে উঠব ভেবে আবারও খানিকটা চোখ বন্ধ করার নামেই কেমন করে যেন কাটিয়ে দিলেন আরও আধঘণ্টা। ফলাফল, সঠিক কাজটি সঠিক সময়ে না করে দেরিতে শুরু করা কিংবা কাজের জন্য নিজেকে দ্রুত প্রস্তুত করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলা। বলা বাহুল্য, অ্যালার্ম বাজার পরও আরও খানিকটা ঘুমাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলার এই রোগ গোটা দুনিয়ার অনেক মানুষের মাঝেই আছে। আর এই ঝামেলা থেকে ঘুমের বদভ্যাসে আক্রান্ত মানুষকে খানিকটা মুক্তি দিতেই সম্প্রতি অভিনব এক অ্যালার্ম ঘড়ি উদ্ভাবন করেছেন আমেরিকার এক উদ্ভাবক। রিচ ওলসন নামের এই ব্যক্তি সম্প্রতি এমন একটি অ্যালার্ম ঘড়ির পরীক্ষামূলক প্রদর্শন করেছেন যেটি নির্ধারিত সময়ে ঘুম থেকে না উঠলে স্বয়ংক্রিয়ভাবেই এর সাথে সংযুক্ত টাকা ছিড়ে কুটিকুটি করে ফেলবে। অ্যালার্ম ঘড়িটি তৈরি করার জন্য তিনি স্পার্কফুনের একটি ক্লককিটকে সংযুক্ত করেন ইউএসবি পেপার শ্রেডার (অপ্রয়োজনীয় কোনো কাগজ টুকরো টুকরো করে ফেলার যন্ত্র)-এর সাথে। আর এরপর তিনি তার ডিভাইসটিকে এমনভাবে প্রোগ্রাম করেন যেন অ্যালার্ম বেজে ওঠার পর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি আগে থেকে শ্রেডারের ট্রে’তে রাখা টাকা টুকরো টুকরো করে ফেলে। এক্ষেত্রে শ্রেডারে ঠিক কী পরিমাণ টাকা আপনি টুকরো টুকরো করার জন্য রাখবেন সেটা একেবারেই ব্যবহারকারীর নিজের সিদ্ধান্ত। তবে ওলসনের বিশ্বাস, যখন ঘুম থেকে দেরি করে উঠলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকবে তখন হয়তো কেউই অ্যালার্ম শোনার পর বিছানা ছেড়ে না উঠে ঘুমিয়ে থাকার বিলাসিতা দেখাবেন না। যদিও রাষ্ট্রীয় সম্পদ টাকার এমন যথেচ্ছ ব্যবহার বা ব্যাংকনোটের ক্ষতি করা এই যন্ত্র আমেরিকার ফেডারেল আইনের পরিপন্থী বলে ইতোমধ্যে বেশ কিছু সমালোচনাও শুনতে হচ্ছে ওলসেনকে। আর এইসব সমালোচনার জবাবে ওলসেন জানিয়েছেন যে, সময় মতো ঘুম থেকে না ওঠাও একটি অপরাধ এবং কেউ যদি সময় মতো ঘুম থেকে ওঠেন তাহলে তার টাকা নষ্ট হওয়ারও কোনো কারণ নেই।