শহীদ-জুলি একসাথে

আপডেট : ১৮ জুন ২০১৩, ২০:৩৭
এবার প্রথমবারের মতো একসঙ্গে একই গানে কণ্ঠ দিচ্ছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী শহীদ ও জুলি। বালামের সুর ও সংগীতে শহীদের দ্বিতীয় একক অ্যালবাম ‘নীল ছোঁয়া’র জন্য করা হয়েছে গানটি। এই গানের কথা লিখেছেন জনি হক। শহীদ বলেন, ‘বালাম ভাই ও জুলি আপা একসঙ্গে বেশ কিছু গান গেয়েছেন। সেগুলো এখনও সময় পেলেই শুনি। তারা দু’জনই বেশ জনপ্রিয়। তাদের সঙ্গে কাজ করার একটা স্বপ্নও ছিল আমার। এবার এটা পূরণ হলো। আমরা গানটির মিউজিক ভিডিও নির্মাণ করব। অনেক বছর পরেও গানটি শ্রোতাদের মনে থাকবে বলে আমার বিশ্বাস।’ জুলি বলেন, ‘আমি গানে খুব একটা নিয়মিত নই। বালাম ভাইয়ের সঙ্গেই বেশি গেয়েছি। শহীদ ভাইয়ের গান আমারও ভালো লাগে। এবার তার সঙ্গে একটি ডুয়েট গান করলাম। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।’ উল্লেখ্য, আসছে রোজার ঈদ উপলক্ষে সিডি চয়েস থেকে প্রকাশ হবে শহীদের এই একক অ্যালবাম ‘নীল ছোঁয়া’। এতে কলকাতার জনপ্রিয় শিল্পী শুভমিতার সঙ্গে তার দুটি দ্বৈত গান থাকছে।