দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পর্দায় আসছে সংগীতশিল্পী নির্বাচনের শ্রেষ্ঠ ও সফলতম টিভি শো ‘আইডল’-এর বাংলাদেশি সংস্করণ ‘বাংলাদেশি আইডল’। জানা গেছে আগামী ২৮ জুন থেকে প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে এসএ টিভিতে সম্প্রচার হবে ‘বাংলাদেশি আইডল’-এর জমকালো পর্বগুলো। প্রথম পর্বে দেখা যাবে ঢাকা বিভাগের অডিশন। যে অডিশনে ঘটে যাওয়া নানা ঘটনা আর প্রতিযোগীদের গানে মুখর থাকবে পুরো পর্ব জুড়ে। ঢাকা বিভাগের অডিশন দিয়ে শুরু হয়ে দেশের বাকি বিভাগের অডিশনগুলোর চিত্র উঠে আসবে ধারাবাহিক এই পর্বগুলোর মধ্য দিয়ে। প্রসঙ্গক্রমে এই আয়োজনের অন্যতম বিচারক গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলাদেশে নির্মিত রিয়েলিটি শোগুলোতে আগে যা ঘটেনি, এমন অনেক কিছুই ঘটবে এই শোতে।’
