দিনভর ওঠা-নামার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, চার সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোট সরকারের শোচনীয় পরাজয়ের পর সরকারের টনক নড়েছে। যেসব কারণে এই ভরাডুবি হয়েছে তার মধ্যে শেয়ারবাজার ধসও একটি। তাই সরকার বাজারকে ইতিবাচক করার চেষ্টা করছে। এদিকে আগামী অর্থবছরের বাজেটে বেশ কিছু পদক্ষেপ রাখা হয়েছে। যা বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে সাহায্য করছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৬ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪৭ কোটি ৩৯ লাখ ১৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
রাইট শেয়ার ছেড়ে ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে মূলধন বৃদ্ধির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের ৪৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ফার্স্ট লিজ পুঁজিবাজারে ২ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৯০০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে (৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ার ফেস ভ্যালুতে অর্থাত্ ১০ টাকায় ছাড়া হবে। এদিকে তালিকাভুক্ত তিন কোম্পানি ২০১১ সালের আর্থিক প্রতিবেদন জমা না দেয়ায় কোম্পানিগুলোর পরিচালকদেরকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইলেক্ট্রিসিটি মিটার কোম্পানি, সালেহ কার্পেট মিলস এবং মেটালেক্স কর্পোরেশন। এ কোম্পানিগুলোর পরিচালকদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই কারণে মেটালেক্সের ব্যবস্থাপনা পরিচালককেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
