ঢালিউডে এখন একাধিক টিভি অভিনয় শিল্পী নিজেদের ক্যারিয়ারের ভীত শক্ত করতেই চলচ্চিত্রের দিকে ঝুঁকেছেন। তবে এর মাঝে কয়েকজন প্রবাসেই স্থায়ী নিবাস গড়ছেন। মাঝে মাঝে দেশে এসেই হঠাত্ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এদের মধ্যে রয়েছেন আমেরিকা প্রবাসী সুরাইয়া হুদা রাত্রি, জনা ও তামান্না। মূলত তারা চলচ্চিত্রে নিজেদের অবস্থান খানিকটা যাচাই-বাছাই করতেই নিরীক্ষামূলকভাবে দেশে আসেন। অত:পর সে যাত্রায় ব্যর্থ হলে আবার ফিরে যান আগের ঠিকানায়। চলচ্চিত্রে এ ধরনের তারকারা নিজেদের এই সৌখিন কার্যক্রমে চলচ্চিত্রের ইমেজ ক্ষুণ্ন করছেন বলে অভিযোগ করেন একাধিক পরিচালক। এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, ‘আমি মনে করি একটা নির্দিষ্ট নীতিমালা ও সময় বেঁধে দেয়া দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে ছবিতে অনিয়মিত থাকলে সংশ্লিষ্ট শিল্পীর সদস্যপদ বাতিল হয়ে যাবে।’ একই প্রসঙ্গে মন্তব্য করেন আরেক নির্মাতা মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‘এরা মূলত চলচ্চিত্র থেকে নিতে আসেন, কোনকিছু দিতে নয়। আমাদের সামগ্রিকভাবে এদের বয়কট করা উচিত। তাই এই প্রেক্ষিতে বসন্তের কোকিল তারকাদের বিষয়ে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।
