প্রতিবন্ধিতা বিষয়ে চাই মানসিক পরিবর্তন

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:২০
‘মূলধারার নারীর আন্দোলনে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, নারী আন্দোলনে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ আরো জোরালোভাবে করতে হবে। দেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন এলেও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অবস্থা একেবারেই ভিন্ন। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বৈষম্য ও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রতিবন্ধী নারীরা। তাদের প্রকৃত উন্নয়ন না হলে দেশের সমগ্র নারী উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকারের সঞ্চালনায় এবং প্রতিবন্ধী নারী অধিকার বিষয়ক থিমেটিক গ্রুপ-এর আহ্বায়ক মহুয়া পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহকারী সচিব নাসরিন জাহান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন নাজমা আরা বেগম পপি। বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানম বলেন, সংবিধানে সকল মানুষের সমান অধিকার দেয়ার কথা বলা হলেও প্রতিবন্ধী মানুষরা রাষ্ট্রের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সমাজ এবং জাতিগতভাবে তাদের সহযোগিতা করা উচিত। কারণ প্রকৃতিগতভাবে তারা প্রতিবন্ধী হয়। তিনি বলেন, প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন অনেক দরকার। তাহলে তারা নিজেদের কথাগুলো নিজেরা বলতে পারবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবীর বলেন, আন্দোলন এবং সংগঠন ছাড়া কিছু আদায় করা যায় না। তাই প্রতিবন্ধী নারীদের কণ্ঠস্বরকে আরো শক্ত এবং জোরালো করে তুলতে হবে। নারী আন্দোলনে সবগুলো ধারার মধ্যে ঢুকে যেতে হবে। কারণ এটা করুণা হিসেবে নয়, নাগরিক হিসেবে প্রতিবন্ধী নারীর অধিকার। তিনি বলেন, প্রতিবন্ধিতা বিষয়ে সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। বেসরকারি এবং সরকারি পর্যায়ে চাকরির ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ উন্মুক্ত করতে হবে। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, জনসংখ্যার একটা অংশকে পেছনে ফেলে সমাজকে বা দেশকে এগিয়ে নেয়া যাবে না। আমাদের সমাজে প্রতিবন্ধী নারীরা অকেজো নয়, তাদের দিকে সম্মান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের নীতির মধ্যে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রতিবন্ধী ফোরামের পরিচালক ডা. নাফিসুর রহমান, ফোরামের মহিলা বিষয়ক সচিব মর্জিনা আহমেদ, সোসাইটি অব দি ডেফ এন্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স-এর নির্বাহী সদস্য নাজনীন আক্তার রীতা, বি স্ক্যান-এর সচিব সালমা মাহবুব প্রমুখ।