দুই হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ ডিসিসিআইর

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:২১
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ এবং বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডিসিসিআই এই উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ডিসিসিআই আয়োজিত গতকাল এক ওয়ার্কশপে ২৩০ জন আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করে। ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন এবং আগ্রহী উদ্যোক্তাদের নিকট নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। সুকোমল সিংহ চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা চেম্বার নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে এবং এ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মহিলা উদ্যোক্তাদের এ কার্যক্রমের সাথে আরো বেশি হারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।