শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে কোন ভুল চিন্তা ও ধারণায় প্রভাবিত হয়ে বিভ্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সাফল্য অর্জনের জন্য পরিচালনার মান উন্নয়ন এবং পরিচালনার দায়িত্ব পালনকারীদের আরো দায়িত্বশীল, উদার দৃষ্টিভঙ্গী গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকৃত সুশাসন, শীর্ষ পর্যায়ে শৃঙ্খলা এবং পরিবেশ ও মান উন্নত করতে হবে। তিনি বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে।
সমাবর্তন বক্তা হিসাবে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার হেদার ক্রডেন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সত্ ও সুনাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি দক্ষতা বাড়াতে নতুন কিছু শেখা এবং জানার জন্য সব সময় সচেষ্ট থাকতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরামর্শ দেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আমিন ইউ সরকার, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এমএ হাসেম প্রমুখ বক্তৃতা করেন।
এবারের সমাবর্তনে ১ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে ভালো ফলের জন্য চার শিক্ষার্থীকে আচার্যের স্বর্ণ পদক ও তিনজনকে উপাচার্যের স্বর্ণ পদক দেয়া হয়।
