বল্যবিয়ে বন্ধের জন্য জাতীয় মানবাধিকার কমিশন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেশব্যাপী এক ক্যাম্পেইন শুরু করেছে। রবিবার নগরীর একটি হোটেলে ‘১৮-এর আগে বিয়ে নয়’ শীর্ষক বাল্যবিয়ে প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিজের জীবনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে তাদের আকুতি, ‘আমার মতো জীবন যেন আর কোনো মেয়ের না হয়।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেশীয় পরিচালক ইয়ান ডি ওয়াল।
আলোচনায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ। তিনি এ বিষয়ে রাষ্ট্রের জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছা এবং আইন বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়ার বিষয়ে গুরুত্ব দেন।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক বলেন, শুধু একজন দুইজন নয়, দেশে অনেকে বাল্যবিবাহের শিকার। বছরব্যাপী এ ক্যাম্পেইন সফল করতে সরকারি ও বেসরকারি সংগঠনকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।
