মেঘ জমলেই ছুটি যে বিদ্যালয়ে

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪২
গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন বড়পুশিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ না থাকায় ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পাঠ গ্রহণ করছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বড়পুশিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। তারপর বিদ্যালয়ের জন্য দুই কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন সরকারিভাবে নির্মাণ করে দেয়া হয়। কিন্তু নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ভবনটির ছাদ, দেয়াল ও পিলারে ফাটল দেখা দিলে উপজেলা প্রশাসন ভবনটি বিপজ্জনক হওয়ায় প্রায় এক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে। একমাত্র ভবনটি পরিত্যক্ত হবার পর তাদের পাঠদানসহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অন্য কোন বিকল্প ব্যবস্থা নেই। ফলে তাদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। ৪ জন শিক্ষক তাদের পাঠদান করছেন। বর্ষাকাল থাকায় আকাশে মেঘ জমলেই সকলের ছুটি হয়ে যায়। পরীক্ষার সময় পার্শ্ববর্তী একটি পোলট্রি খামারে এলাকাবাসী অনুরোধ করে সাময়িকভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী সাবের আলী জানান, উক্ত বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে খালি করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে পত্র দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন নির্মাণ করে দেয়া হবে।