চট্টগ্রামে খুচরা বিক্রেতা দোকানিদের বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৩
খুচরা পণ্য বিক্রেতা দোকানদারদের বর্ধিত ভ্যাট প্রত্যাহার, ভ্যাট কর্মকর্তাদের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, দোকানদারদের সহজশর্তে ঋণ প্রদান ও চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন। তারা বলেছেন, ঘোষিত বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর হয়রানি বাড়বে। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ডেসটিনি, শেয়ার বাজারে ধস, ইউনিপে-টু ও হলমার্ক দুর্নীতির কারণে ব্যাংকগুলো ঋণ প্রদান সীমিত করেছেন। এতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। আমরা দোকানপ্রতি ভ্যাট বছরে ৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।