গৌরীপুরে ঝুঁকিপূর্ণ ভবনে সাড়ে ১৬হাজার শিক্ষার্থী

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৪
গৌরীপুর উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ ও মেরামতযোগ্য জরাজীর্ণ ৩০টি বিদ্যালয়ের ভবনের নিচে জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করতে বাধ্য হচ্ছে আরো প্রায় সাড়ে ১৬হাজার শিক্ষার্থী। এছাড়াও জমিদার বাড়ি, রেলওয়ে জংশন, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিপণীবিতান, শিল্প প্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ অর্ধশত ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। উপজেলার কান্দুলিয়া ও সুরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে অত্যধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ জানান, ছাদ ও ভিমে ফাটলের কারণে শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে এরকম ভবন ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. শাহ জাহান জানান, সরেজমিনে তদন্তের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো বিকল্প আবাসন ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।