আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারি এবং ঢাকা মহানগর প্রিমিয়ার লিগের অচলাবস্থায় চাপা পড়ে যেতে বসেছে বিপিএলে খেলোয়াড়দের পাওনার বিষয়টা। এই সময়ের মধ্যে বিপিএল দ্বিতীয় আসরের খেলোয়াড়দের পাওনার সিংহভাগ মিটিয়ে দেয়ার কথা ছিল দলমালিকগুলোর। সেজন্য গত ১৭ তারিখকে সর্বশেষ সময় উল্লেখ করে একটি নোটিসও পাঠিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু গতকাল তারিখ পার হয়ে যাওয়ার একদিন পর জানা গেল, বিপিএলের সে নোটিস আমলে নিয়ে কোনো দলই অর্থ পরিশোধ করেনি। ফলে এখন দলগুলোর বিপক্ষে আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতিই নিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর বেশ আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি বলে রেখেছেন, এ দফায়ও যেসব দল টাকা পরিশোধে ব্যর্থ হবে তাদের মালিকানা বাতিলের মতো আইনগত পদক্ষেপও নেয়া হতে পারে। বিপিএলে খেলোয়াড়দের পাওনা বিতর্ক সেই প্রথম আসর থেকেই চলছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের পাওনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও একাধিকবার খবর হয়েছে। দ্বিতীয় আসর চলা অবস্থায় কয়েকজন বিদেশি খেলোয়াড় প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অবশেষে বিসিবি সব পাওনা শোধ করার দায়িত্ব নিয়ে নেয়। বিসিবি বিদেশি খেলোয়াড়দের টাকা পরিশোধ করে দিলেও অনেক দেশি খেলোয়াড় এখনো পর্যন্ত টাকা পাননি। আবার বিসিবি তার পাওনা বুঝে পায়নি দলগুলোর কাছ থেকে। এসব মিলিয়েই নোটিস পাঠিয়েছিল বিপিএল কমিটি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বললেন, ‘আমরা ইতিবাচক সাড়া পাইনি দলগুলোর কাছ থেকে। এখন তাদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।’ তবে আইনি পদক্ষেপটা কী সেটা পরিষ্কার করে বলছেন না কেউ। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘ব্যাপারটা আইনজীবীদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত করা হবে।’