সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের কোচ লুডভিক ডি ক্রুইফ বলেছিলেন, খেলোয়াড়দের ফিটনেসের খুব অভাব আছে। কিন্তু তার এই কথার সাথে একমত নন সুপার কাপ ফুটবলের কোচ এবং খেলোয়াড়রা। তারা বলছেন, এমন গরমে ফিটনেস দেখানোর কোনো সুযোগ নেই।
বিজেএমসির কোচ জাকারিয়া বাবু ডাচ কোচের মন্তব্য শুনে বলেন, ‘এই গরমে খেলোয়াড়রা অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। এটা হয় তো কোচ বুঝতে পারছেন না। কারণ তিনি তো এসি গাড়িতে চলছেন। খেলা দেখছেন এসি রুমে বসে। উনি যদি (ডাচ কোচ) আমাদের মতো মাঠে বসে খেলাটা দেখতেন বুঝতে পারতেন গরমটা কেমন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক, গোলকিপার আমিনুলও মনে করছেন, গরম দ্রুত ক্লান্ত করে ফেলছে খেলোয়াড়দের, ‘ফিটনেস বেশি ধরে রাখা কঠিন। মাঠে নামার আগেই ওয়ার্মআপ করতে গিয়েই মাত্রাতিরক্ত ঘাম ঝরছে। অর্ধেক শক্তি নিয়ে মাঠে নামতে হয়। গরমের কারণে মধ্যপ্রাচ্যে রাত নয়টায় খেলা শুরু হয়।’
খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতিতে ডাচ কোচ হতাশ হয়েছেন শুনে জাতীয় দলের উইংগার শাকিল আহমেদ গরমকে দোষারোপ করে বলেছেন, ‘যতই ফিটসেন থাকুক এই গরমে ৯০ মিনিট একই ছন্দে খেলা যায় না। আমরা তো মাঠে খেলছি। মাথা গরম হয়ে যায়।’
জাতীয় দলের আরেক ডিফেন্ডার মামুন মিয়াও বললেন, ‘এমন গরমে খেলা কঠিন।’
গরমের কারণে সুপার কাপ ফুটবলে আজকের ম্যাচ দুটি এক ঘণ্টা করে পিছিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় খেলা শুরু হবে।
