মতলব উত্তরে শিক্ষকদের লাঞ্ছিত করায় যুবলীগ কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১১ মে ২০১৯, ১৯:৪০

চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে চাঁদার দাবিতে স্থানীয় এক যুবলীগ নেতা এসে লাঞ্ছিত করায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। স্থানীয় ওই যুবলীগ কর্মীর নাম মাহাতাব হোসেন জিকু। সে বাগানবাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য এবং স্থানীয় ইছাখালী গ্রামের মোতাহার হোসেন বাচ্চু মেম্বারের ছেলে।

শনিবার বিক্ষোভকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩ঘন্টা মতলব ফেরীঘাট-বেলতলী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় টুল-টেবিল জ্বালিয়ে অগ্নিকাণ্ড করে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলে, ‘মাহাতাব হোসেন জিকু গত কয়েকমাস যাবৎ স্কুলে এসে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সহকারী শিক্ষক মো. জিয়াউল হককে স্কুলে এসে লাঞ্ছিত করেছে। তাদের অকথ্য ভাষায় গালমন্দ করেছে। আমরা এই অপমানের বিচার চাই। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত স্কুলে ফিরে যাবো না’ স্লোগানে মিছিল করে এবং ক্লাস বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষক মো. জিয়াউল হক বলেন, ‘কয়েকদিন যাবৎ জিকু স্কুলে এসে আমাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। সর্বশেষ গত বৃহস্পতিবার অফিসে এসে টাকা চায়। তাকে টাকা না দেওয়ায় আমাকে ও প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালমন্দ করে ও লাঞ্ছিত করেছে।’

প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘আমরা এই ঘটনার আইনগত ব্যবস্থা নিবো। শিক্ষকদের অপমান শিক্ষার্থীরা সহ্য করতে না পেরে রাস্তায় নেমে গেছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করা চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এলাকাবাসী জানায়, জিকু আগে থেকেই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এলাকার বিভিন্ন জনের কাছ থেকে সে চাঁদাবাজি করেছে। তাকে কিছু বললে দলীয় ভয় দেখায়। খোঁজ নিয়ে জানা গেছে, জিকু ওই ঘটনার পর থেকে বাড়িতে নেই।

বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, ‘জিকু মাস্তান প্রকৃতির ছেলে। ওর অপকর্ম দিন দিন বেড়েই যাচ্ছে। ওর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

ইত্তেফাক/নূহু