রাজনীতিকদের ওপর চটলে জনগণ যে কোনো কিছু করতে পারে তার প্রমাণ দেখিয়েছে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় শহর সালপার অধিবাসীরা। তারা রাজনীতিকদের বিরক্ত হয়ে মেয়র নির্বাচনে একটি বিড়ালকে দাঁড় করিয়ে দিয়েছে। এ জন্য প্রচার-প্রচারণাও চলছে পুরোদমে। কেবল বিড়াল নয়, এই নির্বাচনে গাধা এবং মুরগিকেও মেয়র হিসেবে দাঁড় করানো হচ্ছে। খবর রয়টার্সের। সালপার জনগণ রাজনীতিকদের ইঁদুর বলে ডাকে। আর এজন্য ইঁদুর দমনে তারা বিড়ালকে মেয়র পদে দাঁড় করিয়েছে। বিড়ালটির নাম দেয়া হয়েছে মরিস। ভেরাক্রুজের রাজধানী সালপায় সম্প্রতি দুর্নীতি এবং অপরাধের হার বেড়ে গেছে। ১০ মাস বয়সী এই বিড়ালকে ভোট দিতে মজার শ্লোগানও দেয়া হচ্ছে। এর একটি শ্লোগান: ইঁদুরদের ভোট দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, এবার বিড়ালকে ভোট দিই। যদিও মরিসকে প্রার্থী হিসেবে নিবন্ধন করা হয়নি। তবে চামরো ব্যালট পেপারে মরিসের নাম লিখতে বা ছবি আঁকতে ভোটারদের অনুরোধ জানিয়েছেন। আগামী ৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটি দলের সাতজন প্রার্থী দাঁড়িয়েছেন।
সালপার বাসিন্দা সার্গেও চামরো গত বছরের আগস্টে পোষার জন্য একটি বিড়াল আনেন। এ বছরের মে মাসে সার্গেও চামরো বিড়ালকে মেয়র পদে দাঁড় করানোর জন্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিতে ফেসবুকে প্রচার শুরু করেন। এক লাখ ২৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এই পেজে লাইক দিয়েছে।
