গতকাল মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয়সহ আটটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে জাতীয় সংসদের পিটিশন কমিটি, বিশেষ অধিকার কমিটি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটি গঠন করা হয়। এই তিনটি কমিটির সভাপতি ছিলেন সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অপরদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি মেহের আফরোজ চুমকি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় কমিটির সভাপতি করা হয়েছে বেগম ফজিলাতুন্নেসাকে। এছাড়া পররাষ্ট্র, স্বাস্থ্য, বাণিজ্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে প্রতিটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
