সন্তানের লিঙ্গ পরিচয় জানতে পরীক্ষা করানোর জন্য ভারতের বলিউড সুপার স্টার শাহরুখ খান দম্পতির বিরুদ্ধে তদন্ত করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই সন্তানের জনক শাহরুখ তার তৃতীয় সন্তানের লিঙ্গ জানার জন্য আলট্রাসনোগ্রাফি করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে শাহরুখ দম্পতি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভারতে জন্মের আগে সন্তানের লিঙ্গ পরীক্ষা নিষিদ্ধ। খবর বিবিসির।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সুরেশ শেঠি জানিয়েছেন, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দেশটির মেডিক্যাল এসোসিয়েশনও তদন্তের দাবি জানিয়েছে। শেঠি জানিয়েছেন, ইন্ডিয়ান রেডিওলজিকাল অ্যান্ড ইমেজিং এসোসিয়েশনের পক্ষ থেকে শাহরুখ দম্পতির বিষয়ে একটি ই-মেইল পেয়েছেন। তদন্তের পর প্রয়োজন হলে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। শাহরুখ এবং তার স্ত্রী গৌরির একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তাই গৌরি সত্যিই গর্ভবতী কিনা কিংবা সন্তান নির্ধারণ পরীক্ষা করেছেন কিনা সেই বিষয়ে তারা কিছুই জানাননি। তবে অনেকের ধারণা, তারা বিদেশেও এই পরীক্ষা করাতে পারেন। বেশিরভাগ দম্পতি ছেলে সন্তান আশা করে। ফলে সমাজে নারী-পুরুষের বৈষম্য সৃষ্টি হয়। এজন্য ভারতে জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করা নিষিদ্ধ।
