ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি অফিস ভাংচুর, অবরোধ

আপডেট : ১৮ জুন ২০১৩, ২২:৫০
কমিটি গঠনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নবগঠিত আহ্বায়ক কমিটি এবং বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা নিজেদের শক্তি প্রদর্শন করতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করে। এক পর্যায়ে তারা ভিসি অফিসে ভাংচুর চালায়। পরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট অবরোধ করে বাস আটকে রাখে। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক কমিটিকে অযোগ্য আখ্যায়িত করে ক্যাম্পাসে সকালে বিক্ষোভ মিছিল বের করে বিদ্রোহী গ্রুপ। মিছিলের শুরুতেই সকাল সাড়ে ১০টার দিকে তারা ভিসি প্রফেসর ড. আবুদল হাকিম সরকারের অফিসের একটি কক্ষে ভাংচুর চালায়। তাদের অভিযোগ, ভিসির ব্যক্তিগত অফিস সহকারী মো. জিল্ল¬ুর রহমান ও আরেক পরিবহন কর্মকর্তা মো. হারুন ছাত্রলীগের আহ্বায়ক কমিটিকে প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে। পরে বেলা সোয়া ১১টার দিকে দুই গ্রুপ বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এক পর্যায়ে বিদ্রোহী গ্রুপ বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মেইন গেইট অবরোধ করে দুপুর ১২টার নির্ধারিত ক্যাম্পাস বাস ছেড়ে যেতে বাধা দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’