গতকাল মঙ্গলবার প্রচণ্ড তাপদাহের মধ্যে নগরীর নৌবাহিনী স্কুলে শরীর চর্চার সময় ৩০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে অসুস্থ ২০ ছাত্রীকে নৌবাহিনীর তিতুমীর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।
স্কুল সূত্র জানায়, দুই দিন ধরে নৌবাহিনীর ‘অনির্বাণ’ অনুষ্ঠানের জন্য স্কুলের মর্নিং শিফটে সুটিং চলছিল। তারই অংশ হিসাবে গতকাল সকাল ৭টা ৪০ মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্কুলের সামনে রাস্তায় শরীর চর্চা চলে। যা ভিডিও চিত্রে ধারণ করা হয়। প্রখর রোদ আর গরমের মধ্যে শরীর চর্চায় অংশ নেয় তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ৮শ’ ছাত্রী। এদের মধ্যে ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে প্রভাতি শাখার ক্লাস স্থগিত করা হয়।
এ ব্যাপারে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম জানান, অসুস্থ ২০ জনকে নৌবাহিনীর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। অসুস্থ ছাত্রীদের নাম জানতে চাইলে তিনি অপরাগতা প্রকাশ করেন। এদিকে প্রখর রোদে দাঁড় করিয়ে এভাবে পিটি করানোয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
