৫ মে হেফাজতে ইসলাম কোনো তান্ডব চালায়নি

আপডেট : ১৮ জুন ২০১৩, ২২:৫২
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর দেয়া ‘হেফাজতের তাণ্ডবে সাড়ে ২৪ কোটি টাকার ক্ষতি সম্পর্কিত বক্তব্যের কড়া প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গত ৫ মে ঢাকায় সমাবেশের দিনে হেফাজতে ইসলাম কোনো প্রকার তাণ্ডব চালায়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবির আন্দোলনকে বেগবান করতে চেয়েছিল। কিন্তু দুপুর দুইটা থেকে পুলিশের প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় সরকারি দলের ক্যাডাররা নজিরবিহীন তাণ্ডব ও ভয়াবহ সহিংসতা চালিয়ে রাজপথে হেফাজত কর্মীদের পিটিয়ে, গুলি করে হত্যা করেছে। পল্টন, বিজয়নগর, দৈনিক বাংলার মোড় ও বায়তুল মোকাররমের আশপাশ এলাকা দখল করে তারা সেদিন ব্যাংক ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে লুটপাটের মহড়া চালিয়েছে। নিজেরা পবিত্র কুরআন শরীফে আগুন দিয়ে এর দায়ভার হেফাজতের উপর চাপিয়ে দেয়ার অশুভ চেষ্টা চালিয়েছে। সরকার সত্যকে আড়াল করে শীর্ষ নেতৃবন্দসহ লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। মধ্যরাতে সাঁড়াশি অভিযানের নামে ঘুমন্ত জিকিররত জনতাকে গণহত্যা করেছে। আর ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করতেই এখন আমাদের অর্থমন্ত্রী ‘তাণ্ডবের’ কথা বলে ঈমানী আন্দোলন নিয়ে মিথ্যাচার করছেন। নেতৃবন্দ বলেন, কারা সেদিন তাণ্ডব চালিয়েছিল? পরদিন বিভিন্ন সংবাদপত্রে অস্ত্র হাতে তাদের ছবিসহ সংবাদ ছাপা হয়েছে। নেতৃবন্দ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সরকারের মন্ত্রীদের অতিকথন বন্ধ করুন। নইলে আপনাদের আম ও ছালা দু’টোই হারানোর আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে চার সিটি নির্বাচনে জনগণ আপনাদের প্রতি অনাস্থা জানিয়ে ইসলামী মূল্যবোধের পক্ষে রায় দিয়েছে। বিবৃতি প্রদানকারীরা হলেন-ঢাকা মহানগর আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা যোবায়ের আহমদ, মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ। - প্রেসবিজ্ঞপ্তি