ইভিএম জটিলতায় স্থগিত কেন্দ্রে পুনরায় ব্যালটে ভোটগ্রহণ হবে

আপডেট : ১৮ জুন ২০১৩, ২২:৫২
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ইভিএম জটিলতায় স্থগিত রাখা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ নম্বর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে পুনরায় ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিদ্ধান্ত মোতাবেক গতকাল মঙ্গলবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ২৯ জুন ওই কেন্দ্রের কাউন্সিলর পদে ভোট গ্রহণের প্রস্তাব পুনরায় ইসিতে পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, তাদের প্রস্তাব ইসিতে অনুমোদিত হলে ওই কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে। তিনি আরো জানান, ভোট গণনার সময় টিটিসি কেন্দ্রের একটি বুথের ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে। এ বিষয়ে আইনের সুস্পষ্ট ব্যাখ্যা না থাকায় সেটি সিলগালা এবং কাউন্সিলর পদের ফলাফল স্থগিত রাখা হয়। জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোট ৫ জন। তাদের মধ্যে দু’জনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ব্যবধানও খুব বেশি নয় বলে জানা গেছে।