মহাজোট ছেড়ে দেয়া জাতীয় পার্টির সময়ের ব্যাপার মাত্র

আপডেট : ১৮ জুন ২০১৩, ২২:৫৩
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, এখন মহাজোট ছেড়ে দেয়া জাতীয় পার্টির (জাপা) সময়ের ব্যাপার মাত্র। মহাজোটের কোন ব্যর্থতার দায় জাপা নিবে না। তিনি বলেন, জনগণ আশা করেছিল পল্লীবন্ধু হুসেইন মোঃ এরশাদ হবেন রাষ্ট্রপতি আর শেখ হাসিনা হবেন প্রধানমন্ত্রী। কিন্তু আওয়ামী লীগ কথা রাখেনি। দেশের মানুষ পরিবর্তন চায়, জান-মালের নিরাপত্তা ও অপশাসন থেকে মুক্তি চায়। চার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগকে দেশের জনগণ লালকার্ড দেখিয়েছে। আমরা এখন আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। চূড়ান্ত ঘোষণা দেবেন পার্টির চেয়ারম্যান। অতীতের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় জাপা অবশ্যই থাকবে। তিনি সোমবার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জাপা মহাসচিব বলেন, আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের শাসনামলের সংস্কার, কল্যাণ ও সেবামূলক কাজ প্রভাব ফেলবে। জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান আতিক। সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ জিয়াউল হক এমপি, এডভোকেট নওয়াব আলী আব্বাস খান এমপি, যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।