জীবননগরে পাচারকারীর কবল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির ছাত্রী

আপডেট : ১৮ জুন ২০১৩, ২২:৫৪
উপজেলার প্রত্যন্ত পল্লীর পঞ্চম শ্রেণির এক ছাত্রী পাচারকারীর হাত থেকে রক্ষা পয়েছে। গত সোমবার বাসে করে ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় অন্য যাত্রীদের প্রতিরোধের মুখে পড়ে পাচারকারী। পরে স্কুলছাত্রী নিশিতা খাতুনকে (১২) ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। নিশিতা খাতুন শাহপুর গ্রামের মো. জামির হোসেনের মেয়ে। জানা গেছে, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে গত সোমবার বাড়ি থেকে রওনা হলে বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে অপরিচিত এক ব্যক্তি তার নাক-মুখে চেতনানাশক ওষুধ মিশ্রিত কাপড় চেপে ধরে। নিশিতা অচেতন হয়ে পড়লে তাকে বাসযোগে জীবননগরের উদ্দেশ্যে রওনা হয় পাচারকারী। অসুস্থ নিশিতাকে দেখে বাসের যাত্রীদের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে জেরা শুরু করে। ভয় পেয়ে বাস থেকে নেমে নিশিতাকে জীবননগর শহরের আধুনিক সিনেমা হলের সামনে রেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আসলাম পারভেজ ঘটনাস্থলে ছুটে এসে নিশিতাকে উদ্ধার করেন।