স্ত্রীর সাথে ঝগড়া করে সন্তানের মুখে বিষ ঢেলে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে অভিমানী স্বামী খোকন (৩৫)। এ ঘটনায় তার সাড়ে ৫ বছরের শিশু রুহুল মারা গেছে। ঘটনার সময় অপর সন্তান রায়হান পিতার কবল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খোকন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, যদুপুর গ্রামে খোকনের সঙ্গে স্ত্রী রেখা খাতুনের পারিবারিক বিষয়াদি নিয়ে গতকাল ঝগড়া হয়। এ ঘটনায় স্ত্রীর ওপর অভিমান করে খোকন তার দুই ছেলের মুখে বিষ ঢেলে দিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করে। খোকন ও রুহুলকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রুহুলের অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
