ছোট পর্দায় ফ্যামিলি ড্রামা, লাভ স্টোরি, ক্রাইম থ্রিলারের পাশাপাশি ঐতিহাসিক ঘটনা ও চরিত্রনির্ভর হিন্দি সিরিয়ালের জনপ্রিয়তাও কম নয়। ফলে বিভিন্ন চ্যানেলে ঐতিহাসিক হিন্দি সিরিয়াল প্রায়ই দেখা যায়। সম্প্রতি জি টিভিতে শুরু হয়েছে তেমনি এক বহুল আলোচিত ঐতিহাসিক চরিত্র ও ঘটনাবহুল নতুন সিরিয়াল ‘যোধা আকবর’। প্রাইম টাইমে প্রচারিত নতুন এই সিরিয়ালটির প্রযোজক একতা কাপুর। দর্শকনন্দিত অসংখ্য টিভি সিরিয়াল নির্মাণ করে যিনি ছোট পর্দার ‘সিরিয়াল সম্রাজ্ঞীর’র খেতাব লাভ করেছেন। বড় পর্দায় ‘যোধা-আকবর’ দেখেছেন দর্শক। এবার ছোট পর্দায় আবার ভিন্নভাবে উপস্থিত ঐতিহাসিক এই বিখ্যাত দুই নর-নারী। নতুন হিন্দি টিভি সিরিয়াল ‘যোধা আকবর’ নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
পরিচালক প্রযোজক আশুতোষ গোয়ারিকার ঐশ্বরিয়া রায়-হূত্বিক রোশনকে নিয়ে ‘যোধা আকবর’ ছবিটি নির্মাণ করেন। যা মুক্তি পেয়েছিল ২০০৮-এর ফেব্রুয়ারি মাসে। এর পর ৫ বছর সময় পেরিয়েছে। দর্শক স্মৃতিতে এখনও সমুজ্জ্বল সেই কাহিনীকেই একতা কাপুর নতুনভাবে নিয়ে এসেছেন। মোগল সম্রাট আকবর ও হিন্দু রাজপুত রাজকুমারী যোধাবাঈয়ের প্রেম-পরিণয়, দাম্পত্যজীবন, রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত-যুদ্ধ, সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি নিয়ে আবর্তিত ‘যোধা আকবর’-এর গল্প উপমহাদেশের ঘরে ঘরে যুগ যুগ ধরে বেশ আলোচিত। সিনেমাটিক উপাদান রয়েছে এই কাহিনীতে। ‘যোধা আকবর’ ছবিটি ছিল বিরাট বাজেটে তৈরি। একটি সুনির্মিত ছবি হিসেবে সব শ্রেণীর দর্শকদের আকৃষ্ট করেছিল তা। অনেকগুলো পুরস্কারের পাশাপাশি বক্স অফিসে বিরাট সাফল্যও অর্জন করেছিল। ষোড়শ শতকে ভারতবর্ষে মোগল সম্রাট আকবর তার ব্যতিক্রমধর্মী শাসনব্যবস্থা চালুর মাধ্যমে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। পাশাপাশি হিন্দু রাজপুত রাজকুমারী সুন্দরী যোধাবাঈয়ের সঙ্গে তার প্রেম-পরিণয় এবং দাম্পত্যজীবনের নাটকীয় ঘটনাগুলো লোকমুখে যুগে যুগে প্রচার হয়েছে। রাজনৈতিকভাবে সফল সম্রাট আকবর একের পর এক জয় করেছেন বিভিন্ন রাজ্য, জনপদ। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল তার সাম্রাজের সীমা। রাজনৈতিক কূটকৌশলে অনেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হার মানতে বাধ্য হয়েছে তার কাছে। পরাক্রমশালী রাজপুতদেরও তিনি নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন। রাজপুতদের রাজকুমারী সুন্দরী যোধাবাঈকে বিয়ের পর তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরে গিয়েছিল। প্রেম-ভালোবাসার পাশাপাশি রাজনৈতিক প্রজ্ঞা, কলাকৌশল এক্ষেত্রে বড় নিয়ামক হয়ে উঠেছিল। মোগল সম্রাট আকবর আর যোধাবাঈয়ের দাম্পত্য রাজনৈতিক সম্পর্কের নাটকীয় টানাপোড়েন সবসময় এ অঞ্চলের মানুষকে আলোড়িত করেছে। নাটক, যাত্রাপালা, সিনেমা যেখানেই তাদের কাহিনী পরিবেশন করা হয়েছে তা সবাই পরম আগ্রহ নিয়ে উপভোগ করেছে। এখন ছোটপর্দায় ফ্যামিলি ড্রামা দেখতে দেখতে দর্শক ক্লান্ত। দর্শকদের বৈচিত্র্যের স্বাদ দিতে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে ঐতিহাসিক সিরিয়াল ‘ভারত কা বীরপুত্র—মহারাণা প্রতাপ’। স্টার প্লাস নতুনভাবে নিয়ে আসছে ‘মহাভারত’ সিরিয়াল। জিটিভি এ ক্ষেত্রে বসে না থেকে দর্শকদের জন্য নিয়ে এসেছে ‘যোধা আকবর’। ফলে ছোট পর্দায় ঐতিহাসিক সিরিয়াল নিয়ে চ্যানেলগুলোর প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। নতুন সিরিয়াল ‘যোধা আকবর’ প্রসঙ্গে একতা কাপুরের অভিমত হলো, ‘পুরোপুরি ঐতিহাসিক ভিত্তি না থাকলেও এ সিরিয়ালে আমরা শতকরা ৮০ ভাগ ইতিহাস ও ২০ ভাগ লোকমুখে প্রচলিত গল্পগাঁথার ওপর নির্ভর করেছি। সিরিয়ালে বর্ণিত ঘটনাবলি নিয়ে বিতর্ক সমালোচনা হতে পারে তবে এসব যথার্থভাবে প্রমাণের সুযোগ নেই। সম্রাট আকবর এবং তার শাসনামল নিয়ে অনেক গল্প কাহিনী রাজনৈতিক মতামত, বিশ্লেষণ থাকতে পারে আমরা সেসব নিয়ে মাতামাতি না করে দর্শকদের আনন্দ-বিনোদন দিতে চেষ্টা করেছি ‘যোধা আকবর’ সিরিয়ালে।’ জিটিভির নতুন বহুল আলোচিত সিরিয়াল ‘যোধা আকবর’-এ সম্রাট আকবার সেজেছেন রজত টোকাস। এর আগে তাকে একতা কাপুর প্রযোজিত সফল সিরিয়াল ‘তেরে লিয়ে’তে দেখা গেছে। ওদিকে একতা কাপুর যোধা চরিত্রের জন্য ৭০০০ মেয়ের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে নির্বাচন করেছেন পরিধি শর্মাকে। তেমন একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয়ের সুযোগ নতুন এই অভিনেত্রীর জন্য কপাল খুলে দিয়েছে। একতা কাপুরের বালাজি টেলিফিল্মের কোনো সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পরিধির পথ চলা শুরু হয়েছে। যা জিটিভির মতো জনপ্রিয় একটি চ্যানেলে প্রাইম টাইম শ্লটে দেখানো হচ্ছে। সব মিলিয়ে নতুন মুখ পরিধির জন্য ‘যোধা আকবর’ অনেক প্রাপ্তি বয়ে এনেছে। জিটিভিতে সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৮টায় ‘যোধা আকবর’ সিরিয়ালটি দেখানো হয়।
