আদিবাসী সমাবেশ ও উল্লাস

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:১৯
ময়মনসিংহ গারো, হাজং, কোচ, বর্মণ, বানাই, ডালু, ক্ষত্রিদের নিয়ে বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৬ জুন রবিবার দুপুরে ‘ঐতিহ্যগত সামাজিক সংগঠন, আদিবাসীদের উন্নয়ন’ এ স্লোগান নিয়ে প্রথম নকমা, গাঁওকুড়া ও পঞ্চায়েত সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেচে গেয়ে ব্যাপক উল্লাস প্রকাশ করে আদিবাসীরা। র্যালিটির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। র্যালি শেষে শিল্পকলা একাডেমীতে বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি সং নকমা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সুভাষ জেংচাম। সমাবেশে ময়মনসিংহ জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, কারিতাসের আঞ্চলিক পরিচালক আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সমাবেশে আদিবাসীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহের গারো, হাজং, কোচ, বর্মণ, বানাই, ডালু, ক্ষত্রিরা এ সমাবেশে অংশগ্রহণ করে।