গল্প নয় সত্যি

অভিনব অভিযোগ!

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৯:৫৭
আর দশটা দেশের বাজেট অধিবেশনের মতোই সেদিন বাজেট অধিবেশন বসেছিল ইউক্রেনের সংসদেও। যথারীতি বাজেট নিয়ে শুনানির জন্য আহ্বান করা অধিবেশনে বক্তব্য দিতে শুরু করেছিলেন সহকারী অর্থ মন্ত্রী আনাতোলি মায়ারকোভস্কি। কিন্তু ২০১২ সালে সরকারের বাজেট নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ১০ মিনিট সময় ধরে বর্ণনা করার পর প্রশ্নোত্তর শুরু হলেই বিপত্তি বাধে। এ সময় বিরোধীদলের এক সাংসদ সর্বপ্রথম আনাতোলির বিরূদ্ধে মদ্যপ অবস্থায় বক্তৃতা দেওয়ার অভিযোগ তোলেন। এরপর অপর এক সাংসদও চিত্কার করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, সহকারী অর্থ মন্ত্রীর পাঁচ মিটারের মধ্যে থাকা যে কেউই তার মুখ থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ টের পাবেন। এ সময় তিনি স্পিকারকেও কাছে এসে বিষয়টি যাচাই করার অনুরোধ জানান। তবে অবস্থা বেগতিক দেখে এটি তার দায়িত্ব নয় জানিয়ে আনাতোলি এবং সরকারি দলের সদস্যদেরকেই বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান স্পিকার। এদিকে স্পিকারের এই বক্তব্যের সময়ই আস্তে করে হেঁটে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান আনাতোলি মায়ারকোভস্কি। এদিকে অধিবেশন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী ইউরি কোলোবভ ফ্লোর নিয়ে বলেন, তার সহকারী মন্ত্রী হঠাত্ করেই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি যখন ফিরবেন তখন নিজেই তার অবস্থান ব্যাখ্যা করবেন। এ সময় সরকারি দলের অপর এক সদস্য বিরোধী দলের অভিযোগকে শিষ্টাচার বহির্ভূত বলে উড়িয়ে দিয়ে জানান, তিনি গেল ২০ বছর ধরে দায়িত্বশীল একজন মানুষ হিসেবেই আনাতোলিকে জানেন। একই সাথে বিরোধী দলের এই অভিযোগ সংসদীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবেও উল্লেখ করেন তিনি। উল্লে¬খ্য, সংসদে অল্প ব্যবধানে এগিয়ে থাকা ক্ষমতাসীন রিজিয়ন্স পার্টির সাথে বিরোধী দলের তর্ক-বিতর্কে জড়িয়ে পড়া খুবই নিয়মিত একটি বিষয় এবং ইতোপূর্বে তা সংসদ অধিবেশনের মাঝে হাতাহাতিতে রূপ নেওয়ার দৃষ্টান্তও তৈরি করে।