ঢাকায় মুক্তি পেল জি.আই.জো :রিটালিয়েশন

আপডেট : ১৯ জুন ২০১৩, ২০:১২
ব্লকবাস্টার ‘আয়রন ম্যান থ্রি’-এর পর স্টার সিনেপ্লেক্স এবার নিয়ে আসছে আরেকটি ব্লকবাস্টার ছবি ‘জি.আই.জো :রিটালিয়েশন’। আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা সব সেরা যোদ্ধাকে একত্র করে তৈরি করা হয় বিশেষ বাহিনী জি.আই.জো। যেকোনো স্থানে যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে সদা প্রস্তুত তারা। জেনারেল হক তাদের নেতা। আর প্রধান শত্রু ডেসট্রো ও কোবরা কমান্ডার। তাদের বিরুদ্ধে নানা অভিযানে অংশ নেয় ডিউক, রিপকর্ড, স্কারলেট, হেভি ডিউটি, স্কারলেট ও স্নেক আইজ। এ চরিত্রগুলো শুরুতে ছিল পুতুল। ১৯৬৪ সালে খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাসব্রো বাজারে ছাড়ে এই পুতুল। মার্কিন সেনাবাহিনীর বীরত্বগাথা, সাহসিকতা আর দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থেকে পুতুলগুলো বাজারে ছাড়া হয়। শিশু-কিশোর সবাই লুফে নিয়েছিল পুতুলগুলো। তখন থেকেই এই চরিত্রগুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা চলতে থাকে হলিউডে। ১৯৮২ সালে একটি বিজ্ঞাপনে জি. আই. জো’র একটি চরিত্রকে দেখা যায়। এর ঠিক দুই বছর পর পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি তৈরি হয়।