ঈদে ভিন্ন ধারার অনুষ্ঠান নিয়ে আসছেন কিরণ

আপডেট : ১৯ জুন ২০১৩, ২০:১৩
‘ছায়াসংসদ’-এর আদলে তরুণদের নিয়ে টেলিভিশন বিতর্কের অনন্য এক প্লাটফর্ম তৈরি করেছেন বিশিষ্ট বিতর্ক সংগঠক, সঞ্চালক, উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই তরুণকে ছায়াসংসদের জনক বললে মোটেও ভুল করা হবে না। টেলিভিশন এবং টেলিভিশনের বাইরে এ পর্যন্ত যত এই ধারার অনুষ্ঠান তিনি করতে পেরেছেন তা আর কেউই করার সামান্য কৃতিত্ব দেখাতে পারেননি। একর পর এক সংসদীয় ধারার বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে তিনি রেকর্ড গড়েছেন। সর্বশেষ কিরণের উপস্থাপনা, সঞ্চালনায় এটিএন বাংলাতে প্রচারিত হচ্ছে ‘স্টুডেন্ট পার্লামেন্ট’। দেশের শীর্ষ বিশটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এখানে অংশগ্রহণ করেছে। ‘স্টুডেন্ট পার্লামেন্ট’ তারুণ্যের প্রতীকী এক সংসদ। যেখানে দাঁড়িয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে তরুণ প্রজন্ম তাদের দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ তুলে ধরছেন। তারা নির্বিবাদে বলছেন তাদের ভাবনা আর বিশ্বাসের কথা। ‘স্টুডেন্ট পার্লামেন্ট’ কিরণেরই চিন্তার ফসল। আগামীতে তিনি আরও নতুন নতুন ধরনের বিতর্ক অনুষ্ঠানের কথা ভাবছেন। আগামীতে মেয়েদের অংশগ্রহণে ‘উইমেন ডিবেট’ এবং একইভাবে তরুণ পেশাজীবীদের অংশগ্রহণে ‘সিঙ্গেলডিবেট’ এবং কমিউনিটি পিপলস্-এর অংশগ্রহণে ‘কমিউনিটি ডিবেট’-এর কথাও ভাবছেন। এ ছাড়া আগামী ঈদে তারকা শিল্পীদের নিয়ে রম্য বিতর্ক পরিচালনার পরিকল্পনা নিয়েছেন। কিরণ বলেন, ‘প্রতি ঈদেই তারকাদের সংশ্লিষ্টতায় একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করি। এবারের আঙ্গিকটা একেবারেই আলাদা রাখছি। কনসেপ্টের ক্ষেত্রেও ভিন্নতা আনার চেষ্টা করছি। এ সময়ের প্রতিষ্ঠিত টিভি, মিউজিক ও চলচ্চিত্রের তারকাদের সমন্বয়ে এই অনুষ্ঠান তৈরি হবে।’