এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মায়ানিগম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ফারাহ রুমা, সুইটি, দীপা খন্দকার, মম, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, ডলি জহুর, রহমত আলী, আরমান পারভেজ মুরাদ, নোলক প্রমুখ। ‘চাকরির উদ্দেশ্যে ঢাকায় আসা তাহেরের প্রথম আশ্রয় হয় গ্রামের পরিচিত এক ছোট ভাইয়ের মেসে। জীবনের প্রথম ইন্টারভিউতে তার চাকরি হয় না। সে আবার গ্রামে ফেরত যেতেও চায় না। একদিন লজিং মাস্টার হিসেবে তার আশ্রয় হয় এক পরিবারে। এই পরিবারের কর্তা মহসীন আলীর সহযোগিতায় এক সময় একটি রিয়েল এস্টেট কোম্পানিতে তার চাকরি হয়। পিছন ফিরে তাকানোর তেমন ইচ্ছা না থাকলেও মহসীন আলীর বড় মেয়ে চন্দ্রা তাকে কিছুটা ভাবায়। নতুন অফিসে তাহেরের দ্রুত উন্নতি হতে থাকে। এই অফিসেরই ডিরেক্টর অব এডমিন জয়ার প্রতি তাহেরের মনোযোগ বাড়তে থাকে। কিন্তু তাহের বুঝতে পারে না যে, জয়া অফিসের এমডি শাহেদ খানের রক্ষিতা। একসময় তাহেরের এই আগ্রহের বিষয়টি জয়া এমডি শাহেদ খানকে জানায়। একদিন জয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাহের। এবার কিছুটা দ্বিধায় পড়ে যায় জয়া। শাহেদ খান হঠাত্ করে জয়ার মানসিক পরিবর্তনটা টের পায়। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
