বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করতে চান সাকিব

আপডেট : ১১ মে ২০১৯, ২০:৩৪

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তিন নম্বরে ব্যাট করতে চান। এর আগে তিনি ১৩টি একদিনের ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছেন। যেখানে তিনি ৪৯২ রান করেছিলেন। এতে তার রানের গড় দাঁড়ায় ৪১। সেরা স্কোর ১২১ বলে ৯৭ রান। যেটা তিনি করেছিলেন ২০১৮-র ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

আইসিসির ওয়েবসাইটের সাকিব বলে‌ন, ‘একটা সময় ছিল যখন আমি ক্রিজে আসতাম ১০ ওভারের আগেই। পাঁচ ‌নম্বরে ব্যাট করার সময়ও। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে। আমি ৩৪-৪০ ওভারের আগে ব্যাট করার সুযোগ পাই না যদি আমি পাঁচ নম্বরে নামি।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য আরও একটু আগে আসাটা ভাল। ব্যাক্তিগতভাবে আমি তিন নম্বরে ব্যাট করতে চাই। আমি আমার ইচ্ছের কথা কোচ (স্টিভ রোডস) এবং অধিনায়ককে (মাশরাফি মোর্তাজা) জানিয়েছি। কিন্তু আমার কোনও জায়গায় খেলতে আপত্তি নেই।’

আরও পড়ুন: মমতাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি বিজেপি নেতার

এই নিয়ে চার নম্বর বিশ্বকাপ খেলতে চলেছেন সাকিব আল-হাসান। খেলেছেন ২১টি বিশ্বকাপ ম্যাচ। যেখানে তার রান ৫৪০। নিয়েছেন ২৩টি উইকেট।

বিশ্বকাপের আগে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/বিএএফ