ঢালিউডি চলচ্চিত্রে প্রায়ই বিভিন্ন প্রচারণায় নিজেদের চলচ্চিত্রের বাড়তি প্রচার নিয়ে থাকেন অনেকে। আর এই প্রচারণায় রেকর্ড গড়ে বলিউডের রানী মুখার্জীকে নিয়ে। তাকে ঢালিউডের ছবিতে দেখা যাবে এমনটা প্রায় একাধিক পরিচালক বলেছেন। অন্যদিকে এই ধরনের প্রচারণায় সর্বশেষ সংযোজন ছিল বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনকে নিয়ে। তার সাথে ফেরদৌস এর অভিনয়ের সম্ভাবনা রয়েছে, এমন খবর বেশকটি অনলাইনে চিত্রতারকা নিজেই জানান। অত:পর ক’দিন পর আবার তিনি বলেন, ‘তার স্ত্রীর আপত্তির মুখে সানি লিওনকে নাকি তিনি ফিরিয়ে দিয়েছেন। অথচ এ ধরনের ভিত্তিহীন খবরের ভেতর দিয়ে বাড়তি প্রচারের বিষয়টি বেশ ভালভাবেই আদায় করেন তিনি। কারণ ভারতীয় কোন গণমাধ্যমে বিষয়টির প্রচারণা তো অনেক দূরের। এমনকি সানি লিওনের সাম্প্রতিক ইন্টারভিউতেও খবরটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে অভিনেতা-প্রযোজক অনন্ত বলেন, ‘আমরা অফিসিয়ালি চূড়ান্ত হলে তবেই ঘোষণা দেই। কিন্তু অনেকেই আড্ডার একটি গল্প বলেই পরদিন পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে দেন। এতে চলচ্চিত্রের প্রচারণার ক্ষেত্রে অনেক বড় প্রতিবন্ধকতা তৈরি হয়।
