কারেন্ট জালের উত্পাদন, বিপণন, বাজারজাতকরণ ও আমদানি নিষিদ্ধ করে মত্স্য সংরক্ষণ আইনে আনীত সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত একাধিক রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। হাইকোর্টের এ রায়ের ফলে কারেন্ট জালের উত্পাদন, বিপণন, বাজারজাতকরণ, সংরক্ষণ, দখলে রাখা, মজুদ, বহন,পরিবহন করা ও আমদানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। উল্লেখ্য, ১৯৫০ সালের মত্স্য সংরক্ষণ আইনে সরকার সংশোধনী আনে ২০০২ সালে। ওই সংশোধনীতে আইনের ধারা ৪-এ (১) তে কারেন্ট জাল উত্পাদন, তৈরি, আমদানি, বেচা-কেনা, মজুদ, বহন, দখলে রাখা ও এর ব্যবহার নিষিদ্ধ করা হয়। এছাড়া ৪-এ (২) ধারায় বলা হয়েছে, যাদের কাছে জাল আছে তাদের ৪৫ দিনের মধ্যে নিকটস্থ পুলিশ স্টেশন বা মত্স্য কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তা জমা দিতে হবে। সংশোধিত আইনের এই দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সালাম ফিলামেন্টের স্বত্বাধিকারী মো. আবদুস সালামসহ বিভিন্ন ব্যক্তি হাইকোর্টে একাধিক রিট দায়ের করেন।
