প্রমাণ হয়েছে সুষ্ঠু নির্বাচনে দলীয় সরকার বাধা নয়: সুরঞ্জিত

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৩
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, সদ্য সমাপ্ত চার সিটি করপোরেশন নির্বাচনে কোন দল নয়, ব্যক্তির পরাজয় হয়েছে। কারণ সেখানে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে কেউ নির্বাচন করেনি। তবে এ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দলীয় সরকার কোন বাধা নয়। বুধবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভাষা সৈনিক গাজীউল হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যতই জয়লাভ করছে, ততই তাদের তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা হারছে। সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কবি রবীন্দ্র গোপ, সহকারী এটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, নাসিমা আক্তার লাবু প্রমুখ।