অপহূত ইবি ছাত্রলীগ নেতা সাইফুল ৫ মাস পর উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপহূত ছাত্রলীগ নেতা সাইফুলকে অবশেষে ৫ মাস পর উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে রাস্তার পাশে থেকে আহত অবস্থায় এক গাড়ি চালকের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারের বিষয়টি সাইফুলের পরিবার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নিশ্চিত করেছেন। সাইফুল আইন ও মুসলিম বিধান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাসা কুষ্টিয়া সদর থানার বংশীতলা গ্রামে। সাইফুল ইসলামের বড় ভাই সাদ আহমেদ জানান, মঙ্গলবার রাতে রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট থেকে এক ব্যক্তি ফোন করে সাইফুলকে পাওয়ার বিষয়টি আমাকে জানায়। তারপর আমরা ঐ ব্যক্তির গাড়িতে করেই সাইফুলকে বাড়িতে নিয়ে আসি। তবে সাইফুল এখন অসুস্থ। গত ২২ জানুয়ারি ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছিল। ঐদিন রাতে ধানমন্ডি ৩ নং অফিসে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সাথে সাক্ষাত্ শেষে ফার্মগেট থেকে লেগুনায় চড়ে কাজীপাড়ায় অবস্থিত রানার (সাইফুলের বন্ধু) বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তার পর থেকে সাইফুলের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া সাইফুল বলেন, অপহরণের দিন কতিপয় লোক প্রথমে তার চোখ মুখ বেঁধে ফেলে এবং পরে অজ্ঞান করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। বিগত দিনগুলোতে তাকে নিয়মিত খাবার দেয়া হত। তবে বেশি কান্না-কাটি করলে মারধর করা হত। তিনি দাবি করেন তিনি পালিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে হারানোর পর আবার তার সন্ধান পাওয়ায় আমি খুশি হয়েছি।