ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা বিষয়টি পুনর্বহালের আবেদন

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৩৫
বেকার সমস্যার দেশ বাংলাদেশ। এদেশে ব্যবসায় উদ্যোক্তার ও শিল্প উদ্যোক্তার অনেক অভাব রয়েছে। শিল্প উদ্যোক্তারা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করেন। তাই তরুণ শিক্ষার্থীদের ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়ার জন্য ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় ঐচ্ছিক ও নৈর্বাচনিক বিষয় হিসাবে ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা’ বিষয়টি সংযোজন করা হয়। কিন্তু বর্তমান সরকারের পরিবর্তিত শিক্ষানীতি অনুযায়ী ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যক্রম অনুযায়ী ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা’ বিষয়টি বাতিল করা হয়েছে। এতে এ বিষয়ে তরুণ শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে বাধাগ্রস্ত হবেন। পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারি মহাবিদ্যালয়ে আমরা ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনার’ শিক্ষকরা আমাদের চাকরি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছি। একইসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষও এক জটিলতার মধ্যে রয়েছেন, কীভাবে ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা’ বিষয়ের শিক্ষকদের বেতনভাতা প্রদান করবেন সে বিষয়টি নিয়ে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। ফলে আমরা সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ে কোন বিষয়ের প্রভাষক হিসেবে বলবত্ থাকবো তা বুঝতে পারছি না। অধিকন্তু বেসরকারি মহাবিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি তাঁরা চরম দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। আমরা শিক্ষকরা মনে করি, আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে দীর্ঘ দেড় দশক ধরে ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা’ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু আকস্মিকভাবে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যক্রম থেকে ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা’ বিষয়টি অন্তর্ভুক্ত না করায় শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞানার্জন বাধাগ্রস্ত হবে। এ অবস্থায়, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, এইযে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় ‘ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা’ বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট শিক্ষকদের ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা দূর করাসহ তরুণ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ সুগম করুন। সেলিম আহাম্মেদ, প্রভাষক, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ, ভীমগঞ্জ, ডাকঘর: খুনুয়া, জেলা: শেরপুর