সিটি নির্বাচনে হেরে সরকারের মুখোশ খুলে গেছে :ফখরুল

আপডেট : ১৯ জুন ২০১৩, ২২:৩৭
নির্বাচনই দেয়া হবে না-প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চার সিটিতে ভরাডুবির পর নির্বাচন নিয়ে সরকারের মুখোশ খুলে গেছে। তারা বলছেন নির্বাচনই হবে না। ক্ষমতাকে চিরস্থায়ী করতেই এ ধরনের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। চার সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে সরকার এমন দাবি করে বিরোধীদলকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আনার যে চেষ্টা করছে তা সরকারের অলিক চিন্তা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী, ঢাবির সাদা দলের আহ্বায়ক ড. সদরুল আমিন, অ্যাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনহ আকতার হোসেন, ঢাবির সাবেক প্রোভিসি আফম ইউসুফ হায়দার, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন্নেসা তাহমিদা, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ডিইউজের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফখরুল বলেন, নির্বাচন হবে না- গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের কথা বলার অর্থ রাষ্ট্রদ্রোহীতা। চারটি সিটি নির্বাচনে পরাজয়ের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের মানুষ তাদের চায় না।